হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইসলামাবাদ: ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড় হুমকিতে পরিণত হয়েছে।
ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক হুমকিমূলক বক্তব্য এবং ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা হজরত আয়াতুল্লাহিল উজমা সৈয়দ আলী খামেনেইয়ের প্রতি উদ্দেশ্যমূলক মনোভাবের আমরা তীব্র নিন্দা জানাই। হজরত আয়াতুল্লাহিল উজমা সৈয়দ আলী খামেনেইয়ের প্রতি যে কোনরূপ ক্ষতিসাধনের প্রচেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল বলে গণ্য হবে।
মজলিস-উলামা মাকতাব-এ-আহল-এ-বাইত পাকিস্তানের সভাপতি আল্লামা সৈয়দ হাসনাইন আব্বাস গারদেজি মিডিয়া সেল থেকে জারি করা এক বিবৃতিতে এ অভিমত ব্যক্ত করেন।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এই মনোভাব বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য এক মারাত্মক হুমকি। এ ধরনের বক্তব্য কেবল আন্তর্জাতিক আইন লঙ্ঘনই নয় বরং অঞ্চলে উত্তেজনা ও অস্থিতিশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। মজলিস-উলামা মাকতাব-এ-আহল-এ-বাইত (আ.) এই আগ্রাসী ও দায়িত্বজ্ঞানহীন ভাষ্যকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেন।
তিনি আরও বলেন, মজলিস-উলামা মাকতাব-এ-আহল-এ-বাইতের সকল ওলামায়ে কেরাম একবাক্যে ঘোষণা করেন যে, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আমাদের বৈশ্বিক নেতা, আমাদের হৃদয়ের হৃদস্পন্দন এবং আমাদের রুহানি পথপ্রদর্শক। তার প্রতি ক্ষতিসাধন অথবা এ ব্যাপারে কোন প্রচেষ্টা চালানো হলে তা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরাসরি চাপিয়ে দেয়া যুদ্ধ বলে বিবেচিত হবে। এটি আমাদের রেড লাইন এবং শত্রুপক্ষের এ বিষয়ে কোন কর্মকাণ্ড সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।
আল্লামা হাসনাইন আব্বাস গারদেজি জোর দিয়ে বলেন, আয়াতুল্লাহিল উজমা সৈয়দ আলী খামেনেই পুরো ইসলামী বিশ্বের শত কোটি মুমিন-মুসলমানের জন্য একজন মার্জায়ে তাকলিদ, চিন্তার নেতা এবং ঐক্যের প্রতীক। তার প্রতি যে কোন হুমকি বা পদক্ষেপ মুসলিম উম্মাহর অনুভূতিতে গভীর আঘাত হানে এবং বিশ্ব শান্তির জন্য মারাত্মক ঝুঁকির সৃষ্টি করে।
তিনি যোগ করেন, মজলিস-উলামা মাকতাব-এ-আহল-এ-বাইতের সকল ওলামায়ে কেরাম একমত হয়েছেন যে, তারা তাদের রুহানি নেতার পবিত্রতা ও নিরাপত্তা রক্ষায় সকল স্তরে শান্তিপূর্ণ, আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবেন এবং বিশ্ববাসীকে এটা স্পষ্ট করে দেবেন যে ধর্মীয় নেতৃত্বের প্রতি হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মজলিস-উলামা মাকতাব-এ-আহল-এ-বাইত পাকিস্তানের সভাপতি পাকিস্তানজুড়ে জুমার খতিব, ওলামায়ে কেরাম ও ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানান, তারা যেন বক্তৃতা, বিবৃতি এবং শিক্ষামূলক ও গণফোরামের মাধ্যমে এই অবস্থানকে তুলে ধরে জনসচেতনতা তৈরি করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে স্পষ্ট বার্তা দেন যে সর্বোচ্চ নেতা হজরত আয়াতুল্লাহিল উজমা সৈয়দ আলী খামেনেইয়ের প্রতি যে কোন আগ্রাসী মনোভাব আমাদের রেড লাইন।
তিনি জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোরও প্রতি আহ্বান জানান, তারা যেন ইরানের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বক্তব্য ও হুমকিগুলোর প্রতি অবিলম্বে নজর দেন এবং এ অঞ্চলের শান্তি নিশ্চিত করতে নিজ নিজ ভূমিকা পালন করেন।
শেষে তিনি বলেন, আমরা বিশ্ব শান্তি, পারস্পরিক শ্রদ্ধা ও আন্তঃধর্মীয় ও আন্তর্জাতিক সম্প্রীতির পক্ষে এবং সকল প্রকার উসকানিমূলক কাজকে প্রত্যাখ্যান করে নিপীড়িত জাতিসমূহের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও মর্যাদা রক্ষার পক্ষে আমাদের কণ্ঠস্বর উচ্চকিত করতে থাকব।
জারিকর্তা: মজলিস-উলামা মাকতাব-এ-আহল-এ-বাইত (আ.) পাকিস্তানের কার্যালয়
আপনার কমেন্ট